স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল 


সরকারের প্রথম ১০০ দিনে দেশে হত্যা, অপহরণ, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঘটনা উদ্বেগজনক মাত্রায় ছিল বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির তথ্য অনুযায়ী, এ সময়ে দেশে ৬০৫টি হত্যাকাণ্ড এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে।


রোববার (৭ জুন) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।


টিআইবির উপস্থাপিত পরিসংখ্যান অনুযায়ী, মার্চ ও এপ্রিল মাসে দেশে ৬০৫টি হত্যাকাণ্ড, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে। একই সময়ে পুলিশের ওপর হামলার ১২৯টি এবং চুরির ২ হাজার ২১৪টি ঘটনার তথ্য উল্লেখ করা হয়।


এ ছাড়া নারী ও শিশু নির্যাতনের ৩ হাজার ৪৯৬টি ঘটনার তথ্যও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।


প্রতিবেদনে ধর্ষণ ও যৌন সহিংসতার বিভিন্ন ঘটনার পরিসংখ্যানও উল্লেখ করা হয়। এতে বলা হয়, আলোচ্য সময়ে ধর্ষণের শিকার হয়েছেন ৭৮ থেকে ১০২ জন, গণধর্ষণের শিকার ৩০ থেকে ৩৬ জন এবং শিশু ধর্ষণের শিকার ৪৯ থেকে ৭১ জন।


সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকারের প্রথম ১০০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণ রয়েছে। প্রতিবেদনে খুন, ডাকাতি, চুরি, ছিনতাই, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধের ঘটনা তুলে ধরা হয়েছে।