স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল
রাজধানীর মতিঝিলে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে তার কাছে থাকা ১৭ হাজার মার্কিন ডলার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। আহত ব্যবসায়ীর নাম লোকমান হোসেন।
রোববার (৭ জুন) বিকেল ৩টার দিকে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, লোকমান হোসেন শাপলা চত্বর এলাকায় হেঁটে যাওয়ার সময় কয়েকটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার পথরোধ করে। একপর্যায়ে তার সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দেওয়ার সময় গুলির ঘটনা ঘটে।
এ ঘটনায় লোকমানের হাত ও পায়ে গুলি লাগে। পরে দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা ব্যাগ নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তিনি বর্তমানে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত রয়েছেন।
ঘটনার পর পুলিশ, ডিবি এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্তের অংশ হিসেবে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
মতিঝিল বিভাগের উপ-কমিশনার হারুন-অর-রশীদ বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে ছিনতাই হওয়া ব্যাগে প্রায় ১৭ হাজার মার্কিন ডলার ছিল। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর ছিনতাইকারীরা মোটরসাইকেলে করে পল্টনের দিকে পালিয়ে যায়।