স্টাফ রিপোর্টার। ক্রাইম ক্রনিকল
৬৩ বছর বয়সী এক নারী ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের শিবালয় উপজেলায়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন উপজেলার দক্ষিণ তেওতা গ্রামের আতাব আলীর ছেলে রবিন ওরফে সোহেল রানা (২৭) এবং ষাটঘর তেওতা গ্রামের মৃত মজিদ শেখের ছেলে আশরাফুল (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ মে দুপুরে ওই নারী ভিক্ষুক ভিক্ষার উদ্দেশ্যে ষাটঘর তেওতা গ্রামে এলে অভিযুক্তরা তাকে ভিক্ষা দেওয়ার কথা বলে পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে যায়।
সেখানে তারা পালাক্রমে ভুক্তভোগী নারীকে ধর্ষণ করে এবং একইসাথে ভুক্তভোগীর গলায় থাকা একটি রুপার চেইন ছিনিয়ে নেয়।
ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। পরে অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এবং শনিবার (৬ জুন) গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, অভিযোগের তদন্তে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।