অপরাধ ডেস্ক | ক্রাইম ক্রনিকল

রাজধানীর মিরপুর-১২ নম্বর এলাকার ইস্টার্ন হাউজিংয়ের সোনালী বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আট প্রজাতির ৪২টি দেশীয় বন্য প্রাণী উদ্ধার করেছে বন অধিদপ্তরের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট। এ সময় অবৈধভাবে বন্য প্রাণী সংরক্ষণ ও বেচাকেনার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রাণীগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের বন্য প্রাণী পরিদর্শক অসীম মল্লিক।

তিনি জানান, উদ্ধার করা প্রাণীগুলোর মধ্যে রয়েছে একটি রাজধনেশ, তিনটি চশমাপরা হনুমান, তিনটি লজ্জাবতী বানর, ১৩টি পাহাড়ি কচ্ছপ, ১২টি টিয়া, একটি ময়না, একটি সাদা প্যাঁচা এবং তিনটি গন্ধগোকুল

অসীম মল্লিক বলেন, প্রাণীগুলো অবৈধভাবে সংগ্রহ ও সংরক্ষণ করা হচ্ছিল। উদ্ধারকৃত প্রাণীদের স্বাস্থ্য পরীক্ষা শেষে উপযুক্ত পরিবেশে অবমুক্ত অথবা পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তারা জানান, বন্য প্রাণী পাচার ও অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি এ ধরনের অপরাধ সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।