রাজশাহী প্রতিনিধি | ক্রাইম ক্রনিকল
রাজশাহীতে পারিবারিক বিরোধের জেরে এক স্কুলশিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মেহেরচণ্ডী বেড়ার মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রেজাউল করিম পেশায় একজন স্কুলশিক্ষক ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত তার ছেলে রাকিবুল করিম (২৭), যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তরের (মাস্টার্স) শিক্ষার্থী। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বাবা-মা ও ছেলের মধ্যে বাগবিতণ্ডা চলছিল। এক পর্যায়ে উত্তেজিত হয়ে রাকিবুল করিম মুগুর দিয়ে তার বাবার মাথায় একাধিক আঘাত করেন। এতে ঘটনাস্থলেই গুরুতর রক্তক্ষরণে রেজাউল করিমের মৃত্যু হয়। পরে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে হত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।