রাবি প্রতিনিধি | ক্রাইম ক্রনিকল


রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন।


সোমবার (২২ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে আয়োজিত প্রতিবাদ ও প্রতিরোধ মিছিল শেষে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত হুমকি-ধমকি, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে শাখা ছাত্রদল।


সমাবেশে শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, শেখ হাসিনা সরকারের আমলে দেশের জনগণ হত্যা, গুম, নির্যাতন ও হামলার শিকার হয়েছে। সে কারণে দেশের মানুষ আওয়ামী লীগের রাজনীতি আর দেখতে চায় না।


তিনি বলেন, অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা যদি আওয়ামী লীগের পুনর্বাসন বা প্রত্যাবর্তনের চেষ্টা করেন, তাহলে গণতন্ত্রকামী জনগণ তা মেনে নেবে না। যেকোনো অগণতান্ত্রিক ও জনবিরোধী অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রদল গণতান্ত্রিক উপায়ে প্রতিরোধ গড়ে তুলবে বলেও মন্তব্য করেন তিনি।


সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘যারা জনগণের অধিকার কেড়ে নিয়েছে এবং হত্যা, গুম ও খুনের সঙ্গে জড়িত ছিল, তাদের বাংলাদেশের মাটিতে থাকতে দেওয়া হবে না। ছাত্রলীগ যাতে বিশ্ববিদ্যালয় বা দেশের কোথাও অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’


তিনি আরও বলেন, ‘ছাত্রলীগ নেতাকর্মীদের প্রকাশ্যে ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। আওয়ামী লীগ ২৩ জুন থেকে দেশের বিভিন্ন এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করতে পারে। তা মোকাবিলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।’


মিছিল ও সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।