স্টাফ রিপোর্টার। ক্রাইম ক্রনিকল
পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে এবার নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এমনিতেই ডিআর কঙ্গোর বিপক্ষে হতাশাজনক ড্র। নিজের পারফর্ম্যান্স ও ছিলো তলানিতে। এর মধ্যে 'মড়ার উপর খাঁড়ার ঘা' হয়েই যেন এসেছে মাঠের বাইরের বিষয়াদি কেন্দ্র করে তৈরি হওয়া নতুন এই বিতর্ক।

ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচটিতে রোনালদো ছিলেন নিজের ছায়া হয়ে। একাধিক সুযোগ নষ্ট করার পাশাপাশি দলের আক্রমণভাগেও তেমন কোনো প্রভাব ফেলতে পারেননি তিনি। ফলে ম্যাচ শেষে সমালোচনার মুখে পড়তে হয় পর্তুগালের অধিনায়ককে।
তবে বিতর্কের সূত্রপাত হয় রোনালদোর সতীর্থ জোয়াও নেভেসের একটি মন্তব্যকে কেন্দ্র করে। নেভেস বলেন, রোনালদোও অন্য সবার মতো একজন সাধারণ ফুটবলার, যদিও তাঁর অর্জন ও অবদানের প্রতি তিনি যথাযথ সম্মান প্রদর্শন করেন।

কিন্তু নেভেসের এই মন্তব্য ভালোভাবে নেননি রোনালদোর কিছু সমর্থক। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে লক্ষ্য করে শুরু হয় সমালোচনা।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে নেভেসের প্রেমিকা মাদালেনা আরাগাওয়ের একটি মন্তব্য ঘিরে। ইনস্টাগ্রামে এক রোনালদো–ভক্ত মাদালেনার পোস্টে মন্তব্য করেন, “তোমার প্রেমিককে বলো আমার আইডলকে বল পাস দিতে।” এর জবাবে মাদালেনা মন্তব্য করেন, “তোমার আইডলকে বলো অবসর নিতে, সে খুবই স্বার্থপর।”

এই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে এবং নতুন করে আলোচনার জন্ম দেয়।

অন্যদিকে, রোনালদোর বোন কাটিয়া আভেইরোর একটি ইনস্টাগ্রাম পোস্টও বিতর্ককে আরও উসকে দিয়েছে। ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচের পর সমালোচনার জবাবে তিনি লেখেন, “তারা যেন ভুলেই গেছে কীভাবে বল দখল করতে হয়, ডুয়েল জিততে হয় কিংবা কাউন্টার অ্যাটাক গড়তে হয়। মাঝমাঠের খেলা বারবার পেছনের দিকে ফিরে যাচ্ছিল। এই বিশ্বকাপটা অদ্ভুত, সত্যিই অদ্ভুত।”
এর কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যমে আরও একটি বিষয় নিয়ে আলোচনা শুরু হয়। সেখানে দেখা যায়, ব্রুনো ফার্নান্দেসকে কটাক্ষ করে করা একটি মন্তব্যে ‘লাইক’ দিয়েছেন রোনালদোর বোন।
যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি রোনালদো, নেভেস, ব্রুনো ফার্নান্দেস কিংবা পর্তুগাল ফুটবল ফেডারেশন। তবে সাম্প্রতিক ঘটনাগুলো স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে, মাঠের বাইরের এই বিতর্ক পর্তুগাল দলের ভেতরের পরিবেশ নিয়েও নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। অনেকেই বিষয়টিকে দেখছেন দলীয় কোন্দলের আভাস হিসেবে।