স্টাফ রিপোর্টার। ক্রাইম ক্রনিকল


ময়মনসিংহের গফরগাঁওয়ে বিশ্বকাপ ফুটবল উন্মাদনাকে ঘিরে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহিন (১৪) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


গতকাল শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার পাগলা থানার পাঁচভাগ ইউনিয়নের দক্ষিণ হারিনা গ্রামে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ব্রাজিলের পতাকা টাঙানোর জন্য মাহিন শেখ ও তার চাচাতো ভাই ফাহিম শেখ বাড়ির পাশের একটি আমগাছে ওঠে। একপর্যায়ে পতাকা টাঙানোর জন্য ব্যবহৃত বাঁশটি হেলে গিয়ে আমগাছের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারে স্পর্শ করে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় মাহিন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।




সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহিনকে মৃত ঘোষণা করেন।


নিহত মাহিন শেখ একই  গ্রামের নয়ন শেখের ছেলে এবং পাঁচভাগ ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, “পতাকা টাঙাতে গিয়ে এক কিশোরের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”


মাহিনের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের মাতম চলছে। বিশ্বকাপের আনন্দ-উৎসবের মাঝেই এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে বিষাদের ছায়া।