স্পোর্টস ডেস্ক | ক্রাইম ক্রনিকল

তুরস্ক ম্যাচে মুখ আড়াল করে কথা বলার কারণে লাল কার্ড দেখলেন প্যারাগুয়ের মিডফিল্ডার; ২০২৬ বিশ্বকাপের নতুন নিয়ম নিয়ে শুরু আলোচনা


২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো মুখ ঢেকে কথা বলার কারণে লাল কার্ড দেখেছেন প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরন। তুরস্কের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধের যোগ করা সময়ে প্রতিপক্ষ খেলোয়াড় মের্দ মুরদুলের সঙ্গে কথা বলার সময় নিজের মুখ ঢেকে রাখায় তাকে সরাসরি মাঠ থেকে বহিষ্কার করেন রেফারি ইভান বারটন।

ঘটনার পর মাঠে উপস্থিত দর্শক থেকে শুরু করে খেলোয়াড়রাও বিস্মিত হন। কারণ আলমিরন কোনো কঠোর ফাউল করেননি, প্রতিপক্ষকে আঘাতও করেননি কিংবা রেফারির সঙ্গে অসৌজন্যমূলক আচরণেও জড়াননি। তবু নতুন নিয়মের আওতায় সরাসরি লাল কার্ড দেখতে হয় তাকে।


রেফারির কাছে অভিযোগ করেন মুরদুল। ছবি: এএফপি


ফিফার নতুন বিধান অনুযায়ী, খেলার সময় ইচ্ছাকৃতভাবে মুখ ঢেকে প্রতিপক্ষ বা অন্য কারও সঙ্গে কথা বললে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। এর মূল উদ্দেশ্য হলো মাঠে বর্ণবাদী, বৈষম্যমূলক, ঘৃণামূলক বা উসকানিমূলক মন্তব্য প্রতিরোধ করা।

বিষয়টি প্রথম আলোচনায় আসে চলতি বছরের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে। রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে কথা বলার সময় বেনফিকার আর্জেন্টাইন উইঙ্গার জিয়ানলুকা প্রেসতিয়ান্নি নিজের জার্সি দিয়ে মুখ ঢেকে রাখেন। পরে ওই ঘটনায় সমকামবিদ্বেষী আচরণের অভিযোগ প্রমাণিত হলে তাকে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দেয় উয়েফা।

এরপর ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) এবং ফিফা বিষয়টি নিয়ে কঠোর অবস্থান নেয়। তাদের মতে, আধুনিক ফুটবলে প্রায় প্রতিটি মুহূর্ত ক্যামেরায় ধারণ করা হলেও মুখ ঢেকে কথা বললে প্রকৃত বক্তব্য শনাক্ত করা কঠিন হয়ে পড়ে, যা তদন্ত ও প্রমাণ সংগ্রহকে জটিল করে তোলে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, খেলোয়াড়দের মধ্যে স্বচ্ছতা নিশ্চিত করতেই এই নিয়ম আনা হয়েছে। তার ভাষায়, ‘লুকানোর কিছু না থাকলে মুখ ঢাকারও প্রয়োজন নেই।’

তবে আইএফএবি জানিয়েছে, মুখ ঢাকলেই স্বয়ংক্রিয়ভাবে লাল কার্ড দেখানো হবে না। প্রতিটি ঘটনা রেফারির পর্যবেক্ষণ ও পরিস্থিতির ভিত্তিতে মূল্যায়ন করা হবে। কোনো আচরণ সন্দেহজনক, উসকানিমূলক বা খেলাধুলার চেতনার পরিপন্থী মনে হলে রেফারি সরাসরি বহিষ্কারের সিদ্ধান্ত নিতে পারবেন।

তুরস্কের বিপক্ষে ম্যাচে সেই নিয়ম প্রয়োগ করেই আলমিরনকে লাল কার্ড দেখান এল সালভাদরের রেফারি ইভান বারটন। এর মধ্য দিয়ে বিশ্বকাপের নতুন এই বিধানে প্রথম বহিষ্কৃত ফুটবলার হিসেবে নাম লেখালেন প্যারাগুয়ের এই মিডফিল্ডার।