স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল 



লালমনিরহাটের তিস্তা নদীতে আবারও পানি বৃদ্ধি পাওয়ায় তীরবর্তী চরাঞ্চলের মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভারতের উজানে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে নদীর পানি দ্রুত বাড়তে শুরু করায় কৃষিজমি ও ফসল ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে।


রোববার দুপুর ১২টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। সকাল ৬টায় যা ছিল বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার নিচে। কয়েক ঘণ্টার ব্যবধানে পানির এই বৃদ্ধি নদী তীরবর্তী এলাকাগুলোতে নতুন করে শঙ্কা তৈরি করেছে।


স্থানীয়দের মতে, পানি বাড়তে থাকায় হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী, দোয়ানী, সানিয়াজান, সিঙ্গিমারী, সিন্দুর্না, পাটিকাপাড়া ও ডাউয়াবাড়ি ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলের বাদামক্ষেত, আমন ধানের বীজতলা এবং মিষ্টিকুমড়াসহ বিভিন্ন ফসল তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।


তিস্তাপাড়ের কৃষক করিম মিয়া বলেন, পানি বাড়া-কমার কারণে কৃষকরা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। পানি আরও বৃদ্ধি পেলে আমন ধানের বীজতলা নষ্ট হয়ে যেতে পারে। অপর কৃষক আনিছুর রহমান জানান, সকাল থেকেই নদীর পানি বাড়ছে এবং এতে চরাঞ্চলের ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।


ডালিয়া পয়েন্টের পানি পরিমাপক নুরুল ইসলাম জানান, উজান থেকে নেমে আসা ঢলের কারণে পানি বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।


ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, ভারতের উজানে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের প্রভাবে তিস্তার পানি বাড়ছে। নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।


পানি বৃদ্ধি অব্যাহত থাকলে চরাঞ্চলের কৃষি উৎপাদন ও জনজীবনে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ফলে তিস্তা তীরবর্তী এলাকাগুলোতে এখন আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে।