স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের সহকারী একান্ত সচিব (এপিএস) এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের একান্ত সচিবদের (পিএস) মূল বেতন পুনর্নির্ধারণ করেছে অর্থ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি চাকরির বাইরে থেকে অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত এপিএস ও পিএসদের মূল বেতন হবে ৩২ হাজার ৫৪০ টাকা।
সম্প্রতি এ বিষয়ে মতামত দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠিয়েছে অর্থ বিভাগ। এর আগে গত ৩১ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে অর্থ বিভাগের মতামত চেয়ে চিঠি পাঠিয়েছিল।
অর্থ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের অভিপ্রায়ে নিয়োগপ্রাপ্ত সহকারী একান্ত সচিব এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের অভিপ্রায়ে নিয়োগপ্রাপ্ত একান্ত সচিবদের মূল বেতন জাতীয় বেতন স্কেল-২০১৫-এর নবম গ্রেডের অষ্টম ধাপ অনুযায়ী ৩২ হাজার ৫৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে এসব পদে নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল-২০১৫-এর নবম গ্রেডে বেতন পেতেন, যেখানে মূল বেতন ছিল ২২ হাজার টাকা। নতুন সিদ্ধান্তের ফলে তাদের মূল বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেল।
অর্থ বিভাগ কয়েকটি শর্তও নির্ধারণ করেছে। এর মধ্যে রয়েছে– নির্ধারিত মূল বেতনের বাইরে কোনো ধরনের বার্ষিক বেতন বৃদ্ধি প্রযোজ্য হবে না। তবে বিধি অনুযায়ী অন্যান্য প্রাপ্য ভাতা পাওয়া যাবে। পাশাপাশি তারা পেনশন, গ্র্যাচুইটি এবং প্রভিডেন্ট ফান্ড সুবিধা পাবেন না।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, এই বেতন কাঠামো শুধুমাত্র সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত এপিএস ও পিএসদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।