বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার কার্যক্রমে সহায়তা দিতে সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে নতুন একটি আর্থিক সহায়তা কর্মসূচির আবেদন করেছে। আইএমএফের বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রজনার বুধবার (৩ জুন) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, নতুন কর্মসূচির সম্ভাবনা যাচাইয়ের অংশ হিসেবে আইএমএফ কর্মকর্তারা বাংলাদেশের নীতিনির্ধারকদের সঙ্গে সংস্কার পরিকল্পনা ও অর্থনৈতিক অগ্রাধিকার নিয়ে আলোচনা করছেন। আইএমএফ জানায়, ২০২৩ সালের জানুয়ারিতে অনুমোদিত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিভিন্ন ঋণ ও সহায়তা কর্মসূচি কঠিন সময়ে বাংলাদেশের অর্থনীতিকে সহায়তা করেছে। তবে সাম্প্রতিক সময়ে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে, যা নতুন সংস্কার উদ্যোগের প্রয়োজনীয়তা তৈরি করেছে।
সংস্থাটি ব্যাংকিং খাতের দুর্বলতা এবং কম রাজস্ব আহরণকে বাংলাদেশের অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে। তাদের মতে, এসব সমস্যা মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও কার্যকর সংস্কার বাস্তবায়ন জরুরি। আইএমএফের ভাষ্য অনুযায়ী, নতুন সহায়তা কর্মসূচির আবেদন উভয় পক্ষের জন্য এমন একটি কাঠামো তৈরির সুযোগ সৃষ্টি করেছে, যা বর্তমান অর্থনৈতিক বাস্তবতা ও সরকারের নীতিগত অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। তবে যেকোনো নতুন কর্মসূচির অনুমোদন দেশের বৈদেশিক অর্থায়নের প্রয়োজন, শক্তিশালী নীতিগত অঙ্গীকার, বিশ্বাসযোগ্য সংস্কার পরিকল্পনা এবং আইএমএফের নির্বাহী বোর্ডের সম্মতির ওপর নির্ভর করবে।
এছাড়া বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়ন এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ পর্যালোচনার জন্য শিগগিরই একটি আইএমএফ প্রতিনিধি দল দেশ সফর করবে। সম্ভাব্য নতুন কর্মসূচির পরিধি, অর্থের পরিমাণ এবং সংস্কার সংক্রান্ত শর্তাবলি পরবর্তী আনুষ্ঠানিক আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।
আইএমএফ একইসঙ্গে বাংলাদেশের টেকসই সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, সক্ষমতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের প্রচেষ্টায় সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।