আইন-আদালত ডেস্ক | ক্রাইম ক্রনিকল
চট্টগ্রাম নগরীর মেহেদীবাগ এলাকায় উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি বেসরকারি হাসপাতালের নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ‘এরিস্টোকেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামে প্রতিষ্ঠানটির ভবন নির্মাণ প্রায় শেষ পর্যায়ে পৌঁছালেও এখন পর্যন্ত স্বাস্থ্য বিভাগের চূড়ান্ত অনুমোদন পায়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অনুসন্ধানে জানা যায়, ভবনটির অনুমোদন নেওয়া হয়েছিল আবাসিক-কাম-বাণিজ্যিক ভবন হিসেবে। তবে অভিযোগ রয়েছে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অনুমোদিত নকশার বাইরে গিয়ে সেখানে পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। এমনকি অনুমোদনবহির্ভূত অতিরিক্ত লিফটও স্থাপন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
প্রতিবেশী বাসিন্দা মো. শহীদ উল্লাহ এ বিষয়ে উচ্চ আদালতে রিট আবেদন করলে ২০২৫ সালের ২৪ জুন ভবনটির নির্মাণকাজের ওপর স্থিতাবস্থা (স্টে-অর্ডার) জারি করা হয়। তার অভিযোগ, আদালতের আদেশ বহাল থাকা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে। শহীদ উল্লাহ বলেন, “ভবনটি নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ফাঁকা জায়গা না রেখে নির্মাণ করা হয়েছে। এসির পানি আমাদের জায়গায় পড়ছে। আদালতের নির্দেশ উপেক্ষা করে রাতের বেলায়ও কাজ চলছে।”
তবে হাসপাতালের অংশীদার ডা. বাবুল দাবি করেন, বিরোধপূর্ণ বিষয়টির সমাধান হয়ে গেছে এবং সংশ্লিষ্ট জমি কিনে নেওয়ার মাধ্যমে আইনি জটিলতা দূর হয়েছে। যদিও এ দাবি প্রত্যাখ্যান করেছেন রিটকারী শহীদ উল্লাহ। তার ভাষ্য, জমি বিক্রির প্রশ্নই ওঠে না এবং হাসপাতাল কর্তৃপক্ষ ভুল তথ্য দিচ্ছে।
এদিকে হাসপাতাল পরিচালনার জন্য প্রয়োজনীয় অনুমোদনের বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি বলেন, এরিস্টোকেয়ার হাসপাতালের আবেদন স্বাস্থ্য বিভাগ পেয়েছে। কাগজপত্র ও মাঠপর্যায়ের যাচাই শেষে সব শর্ত পূরণ হলে অনুমোদন দেওয়া হবে, অন্যথায় নয়।
উচ্চ আদালতের আদেশ, অনুমোদন-সংক্রান্ত জটিলতা এবং আবাসিক এলাকায় হাসপাতাল নির্মাণ ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।