স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল


বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পৃথক ১০টি ‘পুশইন’ চেষ্টা চালিয়েছে। বিজিবি জানায়, তারা সবগুলো প্রচেষ্টা সফলভাবে রুখে দিয়েছে।


বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্ভাব্য পুশইন প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।


বিজিবি জানায়, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে তারা।


যেসব সীমান্তে পুশইনের চেষ্টা করা হয় সেগুলোর মধ্যে রয়েছে – ঝিনাইদহের যাদবপুর ও মহেশপুর, যশোরের গোগা ও রুদ্রপুর, জয়পুরহাটের কয়া ও বাসুদেবপুর, ঠাকুরগাঁওয়ের হরিপুর এবং পঞ্চগড়ের রওশনপুর সীমান্ত। বিজিবির টহল দল ও স্থানীয় বাসিন্দাদের তাৎক্ষণিক প্রতিরোধের মুখে বিএসএফ উল্লিখিত ব্যক্তিদের পুনরায় গাড়িতে তুলে অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে বিজিবি।


এছাড়া কয়েকটি সীমান্তে কিছু মানুষকে বাংলাদেশে পুশইনের জন্য বিএসএফ জড়ো করে রেখেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সেসব স্থানের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, একই জেলার সোনামসজিদ সীমান্ত এবং নেত্রকোনার কচুগড়া সীমান্তের নাম উল্লেখ করে বিজিবি জানিয়েছে, এসব এলাকায় কঠোর নজরদারি বাড়ানো হয়েছে।


সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি স্পষ্ট জানিয়েছে, সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যমান আইন ও দ্বিপাক্ষিক সমঝোতার পরিপন্থী যেকোনো পুশইন প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে নিশ্চিত করেছে তারা।