স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত বিষয়ের জন্য আলাদা শিক্ষক পদ সৃষ্টির প্রস্তাবে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মতি মেলেনি বলে জাতীয় সংসদকে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ষষ্ঠ কার্যদিবসে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫ অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ে সংগীত বিষয়ের সহকারী শিক্ষক পদ সৃষ্টির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান সংসদ সদস্য মো. নূরুল ইসলাম। জবাবে শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক বিদ্যালয়ে সংগীত বিষয়ের জন্য পৃথক শিক্ষক পদ সৃষ্টির বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ অসম্মতি জানিয়েছে।
একই সংসদ সদস্যের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে দুই শিফটে পরিচালিত বিদ্যালয়গুলোকে ধাপে ধাপে এক শিফটে রূপান্তরের কার্যক্রম চলছে। পাশাপাশি শিক্ষার্থীদের ওপর পড়াশোনার চাপ কমাতে এবং শিক্ষা কার্যক্রমকে আরও আকর্ষণীয় করতে বিভিন্ন আনন্দমুখর শিক্ষাপদ্ধতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য ইতিবাচক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নিয়ে কাজ করছে। তবে সংগীত বিষয়ের জন্য আলাদা শিক্ষক পদ সৃষ্টির প্রস্তাব আপাতত এগোচ্ছে না।