নিজস্ব প্রতিবেদক | ক্রাইম ক্রনিকল


মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ মোট ছয়জনের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) সকালে দেশটির আল শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাঁচ বাংলাদেশিই সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের বাসিন্দা। তারা হলেন জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। নিহত অপর ব্যক্তি ভারতের নাগরিক বলে জানা গেছে।


স্থানীয় সূত্র জানায়, কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে একটি পিকআপ ভ্যানে করে যাত্রা করেছিলেন কয়েকজন প্রবাসী শ্রমিক। পথে আল শাহানিয়া এলাকায় পৌঁছালে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই ছয়জন নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ মরদেহগুলো উদ্ধার করে একটি হাসপাতালের মর্গে সংরক্ষণ করেছে। বাংলাদেশ দূতাবাস ও বিভিন্ন প্রবাসী সংগঠনের সহযোগিতায় মরদেহ দেশে পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে।


জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানান, বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে, যাতে দ্রুত মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা যায়।

এদিকে কানাইঘাট প্রেসক্লাবের সহসভাপতি তাওহীদুল ইসলাম বলেন, একসঙ্গে পাঁচ প্রবাসীর মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। তিনি জানান, মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে, যাতে পরিবারগুলো শেষবারের মতো তাদের প্রিয়জনদের দেখতে পারেন এবং ধর্মীয় বিধান অনুযায়ী দাফনের ব্যবস্থা করা যায়।


এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।