রাজনীতি ডেস্ক | ক্রাইম ক্রনিকল


গত ২ জুন কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন বিএনপি আয়োজিত সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু মন্তব্য করেন, বিশ্বের সেরা প্রধানমন্ত্রীর জন্য যদি কোনো নোবেল পুরস্কার দেওয়া হতো, তবে তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রাপ্য হতে পারত।


মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর একটি বক্তব্য রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। একটি দলীয় অনুষ্ঠানে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ও কর্মকাণ্ডের প্রশংসা করে এ মন্তব্য করেন।


বক্তব্যে শওকতুল ইসলাম শকু বলেন, ‘আমার প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করছেন। আমাদের মাঝে মাঝে ভয় হয়, মাঝে মাঝে শঙ্কা হয়— উনাকে যদি আমরা হারিয়ে ফেলি, আমরা তো এতিম হয়ে যাবো। কে আমাদের আশ্রয় দেবে? উনি তো বাংলাদেশের নেতা নয়, বিশ্বের নেতা হয়ে গেছেন। উনি যে কর্মতৎপরতা দেখাচ্ছেন, বিশ্বে যদি কাউকে নোবেল পুরস্কারের জন্য ঘোষণা করা হয়, ইনশাল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সেটা পাবেন।’


তার এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। সমর্থকদের একটি অংশ বক্তব্যটির প্রশংসা করলেও সমালোচকদের কেউ কেউ এর সঙ্গে দ্বিমত পোষণ করেন।


পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে স্থানীয় ও উপজেলা পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।