স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ চার নেতাকর্মীর বিরুদ্ধে যুক্তরাজ্যের লন্ডনে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) লন্ডনের একটি থানায় মামলাটি করা হয়। মামলার অন্য আসামিরা হলেন এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলম। এ ছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
শনিবার (২০ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনসিপি ইউকে অ্যালায়েন্স।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, যুক্তরাজ্যে আওয়ামী লীগ-সমর্থক কিছু ব্যক্তি হাসনাত আবদুল্লাহ ও তার সফরসঙ্গীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অপপ্রচার ও হয়রানি চালিয়ে আসছেন। এর ধারাবাহিকতায় এবার আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধরের অভিযোগ এনে মামলা করা হয়েছে।
এনসিপি ইউকে অ্যালায়েন্সের ভাষ্য অনুযায়ী, মামলার অন্যতম আসামি জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে গেছে। তবে মামলার বিষয়ে যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সংগঠনটির দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং যুক্তরাজ্যের জননিরাপত্তার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটি বিশেষায়িত সংস্থা তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুক্তরাজ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়া এবং প্রবাসীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে হাসনাত আবদুল্লাহর রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই এ মামলা করা হয়েছে বলে তারা মনে করে।
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। মামলার অভিযোগের সত্যতা ও পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি এখন যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর দিকে।