স্পোর্টস ডেস্ক | ক্রাইম ক্রনিকল
ফ্রান্সের বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ার পর অবসর সময়কে পড়াশোনায় কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। ফরাসি এই ফুটবলার হার্ভার্ড বিজনেস স্কুলের বিনোদন ও ক্রীড়া ব্যবস্থাপনা-সংক্রান্ত একটি কোর্সে ভর্তি হয়েছেন।
আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত ফ্রান্স দলে জায়গা হয়নি ২৩ বছর বয়সী এই মিডফিল্ডারের। গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে প্রত্যাশিত ধারাবাহিকতা দেখাতে না পারায় তিনি চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পাননি বলে ধারণা করা হচ্ছে।
২০২২ কাতার বিশ্বকাপে ফ্রান্সের হয়ে খেলেছিলেন কামাভিঙ্গা। সেবার আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালেও বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি।
চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে বেশ কিছু ম্যাচে বেঞ্চে কাটাতে হয়েছে কামাভিঙ্গাকে। মৌসুম শেষের বিরতিতে থাকায় এবং বিশ্বকাপে অংশ না নেওয়ায় তার সামনে তুলনামূলক দীর্ঘ অবসর সময় তৈরি হয়েছে।
এই সময়টিকেই কাজে লাগিয়ে হার্ভার্ড বিজনেস স্কুলের একটি কোর্সে ভর্তি হয়েছেন তিনি। রোববার নিজের ইনস্টাগ্রাম পোস্টে কামাভিঙ্গা লেখেন, “কিছুদিন জানাশোনা এবং নিজেকে আরও সমৃদ্ধ করার জন্য।”
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজে অবস্থিত। একই সময়ে বিশ্বকাপে অংশ নিতে ফ্রান্স দলও ওই অঞ্চলের কাছাকাছি অবস্থান করবে। ফলে পড়াশোনার পাশাপাশি জাতীয় দলের খোঁজখবর রাখার সুযোগও থাকবে তার।
এবারের বিশ্বকাপে ফ্রান্স ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে।