স্পোর্টস ডেস্ক, ক্রাইম ক্রনিকল


দীর্ঘ এক মাসের বেশি সময় পর আবারও ব্রাজিল জাতীয় দলের অনুশীলন মাঠে ফিরেছেন নেইমার জুনিয়র। চোট কাটিয়ে সতীর্থদের সঙ্গে অনুশীলন শুরু করেছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। মাঠে ফিরে বেশ প্রাণবন্ত ও হাস্যোজ্জ্বল দেখা গেছে তাকে। এমনকি সাংবাদিকদের সঙ্গে রসিকতাও করেছেন এই ব্রাজিলিয়ান তারকা।


বুধবার দলের অনুশীলনে যোগ দিয়ে সংবাদকর্মীদের উদ্দেশে হাসতে হাসতে নেইমার বলেন, ‘আমাকে মিস করছেন?’


তবে অনুশীলনে ফিরলেও এখনই মাঠে নামার মতো অবস্থায় নেই ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। ব্রাজিল দলের মেডিকেল স্টাফ ও কোচিং প্যানেল তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না। ফলে হাইতির বিপক্ষে আগামী ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। ব্রাজিলের লক্ষ্য, তাকে পুরোপুরি সুস্থ করে নকআউট পর্বের জন্য প্রস্তুত রাখা।


গত ১৭ মে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের কাফ মাসলে চোট পান নেইমার। সেই চোটের এক মাস পূর্ণ হয়েছে বুধবার। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠলেও কোচ কার্লো আনচেলত্তি তাকে বিশ্বকাপের ২৬ সদস্যের দলে রেখেছেন।


চোটের কারণে গত এক মাস নিয়মিত অনুশীলনের বাইরে ছিলেন নেইমার। গত সোমবারও চিকিৎসকদের পরামর্শে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করাতে হয় তাকে। এরপর মঙ্গলবার বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিয়ে প্রথমবারের মতো ব্যক্তিগত অনুশীলন করেন। বুধবার প্রথমবার সতীর্থদের সঙ্গে মাঠে নামেন তিনি।


অনুশীলনের শুরুতে প্রায় ১০ মিনিট দলের সঙ্গে কাজ করেন নেইমার। এরপর আলাদাভাবে শারীরিক কসরত ও ফিটনেস অনুশীলনে মনোযোগ দেন। তার পুনর্বাসন প্রক্রিয়া এখনও চলমান থাকায় ধাপে ধাপে মাঠে ফেরানোর পরিকল্পনা নিয়েছে ব্রাজিল দল।




ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর, দলের মেডিকেল স্টাফরা আশাবাদী যে নকআউট পর্বে নেইমারকে মাঠে দেখা যেতে পারে। জাতীয় দলের জার্সিতে তিনি সবশেষ খেলেছিলেন ২০২৩ সালে। বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচে বাঁ হাঁটুর এসিএল ও মেনিসকাসে গুরুতর চোট পেয়ে দীর্ঘ সময় মাঠের বাইরে চলে যান তিনি।


এদিকে মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা ব্রাজিল আগামী শনিবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে হাইতির। প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর পর ব্রাজিলের জন্য ম্যাচটি হয়ে উঠেছে বেশ গুরুত্বপূর্ণ।


হাইতির বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিলের অনুশীলনে সংবাদমাধ্যমকে মাত্র ১৫ মিনিট প্রবেশের অনুমতি দেওয়া হয়। এই স্বল্প সময়ের মধ্যেই কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনার কিছুটা আভাস পাওয়া গেছে।


অনুশীলনে তিনি আক্রমণাত্মক ৪-২-৪ ফর্মেশন নিয়ে কাজ করেন। সম্ভাব্য একাদশে রক্ষণভাগে ছিলেন দানিলো, মার্কিনিয়োস, লিও পেরেইরা ও দগলাস সান্তোস। মাঝমাঠে ফাবিনহো ও ব্রুনো গিমারাইস। আর আক্রমণভাগে ছিলেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর থিয়াগো ও লুইজ হেনরিক।


নেইমারকে ছাড়াই আনচেলত্তির আক্রমণভিত্তিক এই পরিকল্পনা হাইতির বিপক্ষে কতটা কার্যকর হয়, এখন সেটিই দেখার অপেক্ষা। তবে মাঠে ফিরতে না পারলেও নেইমারের উপস্থিতি যে ব্রাজিল শিবিরে নতুন করে আত্মবিশ্বাস যোগাচ্ছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।