স্পোর্টস ডেস্ক | ক্রাইম ক্রনিকল
আর্জেন্টিনা–আলজেরিয়া ম্যাচে লিওনেল মেসির একটি ফাউলকে ঘিরে শুরু হওয়া লাল কার্ড বিতর্কে তার পাশে দাঁড়িয়েছেন ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরি। তাঁর মতে, ঘটনাটি ইচ্ছাকৃত ছিল না; বরং এটি ছিল খেলার স্বাভাবিক একটি দুর্ঘটনাজনিত মুহূর্ত। মেসি বলেই ঘটনাটি এত বেশি আলোচনার জন্ম দিয়েছে।
বুধবার (১৭ জুন) ক্যান্সাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচের এক পর্যায়ে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে চ্যালেঞ্জ করতে গিয়ে মেসির সঙ্গে শারীরিক সংঘর্ষ হয়। ঘটনাটি ভিএআরে পর্যালোচনা করা হলেও ম্যাচ কর্মকর্তারা এটিকে লাল কার্ডযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করেননি। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়।

এই বিতর্ক প্রসঙ্গে অঁরি বলেন, কোনো ঘটনার বিচার করতে হলে খেলোয়াড়ের উদ্দেশ্য বা ‘ইনটেনশন’ বোঝা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁর ভাষায়, রিপ্লে দেখলে স্পষ্ট বোঝা যায়, মেসির পুরো মনোযোগ ছিল বলের দিকে। তিনি বল খেলতে গিয়েছিলেন, প্রতিপক্ষকে আঘাত করার কোনো উদ্দেশ্য ছিল না।
অঁরি স্বীকার করেন, ঘটনাস্থলে দুই খেলোয়াড়ের মধ্যে শারীরিক সংস্পর্শ হয়েছিল এবং সেটি দেখতে কিছুটা কঠোর মনে হতে পারে। তবে মাঠের প্রতিটি সংঘর্ষকে লাল কার্ডের মতো গুরুতর অপরাধ হিসেবে দেখা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
ভিএআর প্রযুক্তির প্রসঙ্গ টেনে সাবেক এই ফরাসি তারকা বলেন, এমন সূক্ষ্ম পরিস্থিতি বিশ্লেষণের জন্যই ভিএআর ব্যবহৃত হয়। ম্যাচ কর্মকর্তারা ঘটনাটি বিভিন্ন দিক থেকে পর্যবেক্ষণ করে নিশ্চিত হয়েছেন যে সেখানে কোনো ক্ষতিকর উদ্দেশ্য বা গুরুতর ফাউল ছিল না। তাই লাল কার্ড তো দূরের কথা, এটিকে হলুদ কার্ড দেওয়ার মতো অপরাধও মনে করেননি তারা।
মেসিকে ঘিরে অতিরিক্ত সমালোচনারও সমালোচনা করেন অঁরি। তাঁর মতে, একই ঘটনা অন্য কোনো সাধারণ খেলোয়াড়ের ক্ষেত্রে ঘটলে এত বিতর্ক তৈরি হতো না।
অঁরি বলেন, “মানুষ মূলত প্রতিক্রিয়া দেখাচ্ছে কারণ নামটা এখানে মেসি। অন্য কোনো সাধারণ খেলোয়াড় হলে এত আলোচনা বা হইচই হতো বলে আমি মনে করি না। আমার চোখে এটি ছিল একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, দুর্ভাগ্যজনক এক মুহূর্ত—এর বেশি কিছু নয়। রিয়েল টাইমে অনেক ঘটনা যতটা ভয়াবহ মনে হয়, বাস্তবে তা অতটা নয়।”