স্টাফ রিপোর্টার। ক্রাইম ক্রনিকল


প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় কর্মসূচিতে অংশ নিতে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও নারী নেত্রীদের সমন্বয়ে ২০ সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফরে গেছে। বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করে তারা ১০ দিনের এ সফরে অংশ নেয়।


সফরসূচি অনুযায়ী, প্রতিনিধিদলটি ৪ থেকে ১৪ জুন পর্যন্ত চীনের চংকিং ও সাংহাই সফর করবে। এ সময় তারা চীনের উৎপাদনশীল শক্তির বিকাশ, আধুনিক উন্নয়ন কৌশল, অর্থনৈতিক উন্মুক্তকরণ, গ্রামীণ পুনরুজ্জীবন এবং তৃণমূল পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করবেন।


এর আগে সফর উপলক্ষে মঙ্গলবার ঢাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে চীনা দূতাবাস। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, সংসদ সদস্য জেবা আমিনা খান এবং প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।




সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, এই সফর বাংলাদেশ ও চীনের জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া বাড়াতে ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, সফরে অংশগ্রহণকারীরা চীনের উন্নয়ন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের উন্নয়নে তা কাজে লাগাতে পারবেন।


ড. আবদুল মঈন খান ও জেবা আমিনা খান চীনের আমন্ত্রণ ও আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান। তাঁরা বলেন, সফরের মাধ্যমে প্রতিনিধিদলের সদস্যরা রাষ্ট্র পরিচালনা ও আধুনিকায়ন বিষয়ে চীনের অভিজ্ঞতা সম্পর্কে জানার সুযোগ পাবেন।


প্রতিনিধিদলে ছাত্রদল, যুবদল ও নারী নেত্রীদের সমন্বয়ে ২০ জন রয়েছেন। তাঁদের মধ্যে আছেন যুবদল নেতা শরীফ উদ্দিন জুয়েল, খন্দকার এনামুল হক এনাম, ছাত্রদল নেতা শ্যামল মালুম, আবিদুল ইসলাম, শেখ তানভীর বারী হামিম, আব্দুর রশিদ জিতুসহ অন্যরা।