ভারতের রাজধানী নয়াদিল্লির মালব্য নগরে একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকাল পৌনে ১০টার দিকে দক্ষিণ দিল্লির জনবহুল এলাকায় অবস্থিত ‘লেমন গ্রিন’ রেস্তোরাঁয় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিদেশি নাগরিকদের পাশাপাশি পাঁচজন বাংলাদেশি আহত হয়েছেন বলে জানিয়েছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

হাইকমিশনের তথ্য অনুযায়ী, আহত পাঁচ বাংলাদেশির মধ্যে তিনজন সাকেতের ম্যাক্স হাসপাতালে এবং অপর দুজন সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে মিশনটি।

হাইকমিশন এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে এবং উদ্ধার ও জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের প্রচেষ্টার প্রশংসা করা হয়েছে।