নিজস্ব প্রতিবেদক | বাগেরহাট


বাগেরহাটের রামপাল উপজেলায় চায়ের দোকানে বসে থাকা অবস্থায় হামলার শিকার হয়ে ইখলাস গাজী (৫০) নামে এক সাবেক যুবলীগ নেতা নিহত হয়েছেন। রোববার (৩১ মে) বেলা ১১টার দিকে রামপাল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত ইখলাস গাজী রামপাল উপজেলার সদর ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি ছিলেন। তিনি উপজেলার পশু হাসপাতাল মোড় এলাকার বাসিন্দা।




প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে ইখলাস গাজী বাসস্ট্যান্ডের হুমায়ুনের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় পাশের শ্রীফলতলা গ্রামের মাহাবুবুর রহমান শিকদার ওরফে মাইঝে শিকদার সেখানে এসে তাঁকে উদ্দেশ করে গালাগাল শুরু করেন। একপর্যায়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে মাহাবুবুর রহমান শিকদার ইখলাস গাজীর ওপর অতর্কিত হামলা চালান। হামলার সময় তাঁকে কিল, ঘুষি ও চড় মারা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।


এতে গুরুতর আহত হন ইখলাস গাজী। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুব্রত বিশ্বাস বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের কারণ উদ্‌ঘাটন এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তদন্ত কার্যক্রম চলছে।