স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি বাড়ি থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে পাঁচ বছর বয়সী এক শিশুকে। শনিবার গভীর রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন এনি বড়ুয়া (৪০) এবং তাঁর মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। আহত শিশুটি পিয়াস বড়ুয়া, যাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে সুজন বড়ুয়ার বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনে প্রতিবেশীরা সেখানে ছুটে যান। এ সময় রক্তাক্ত অবস্থায় শিশু পিয়াসকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন এনি বড়ুয়া। ঘরের বাইরে এসে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
প্রতিবেশীরা ঘরের ভেতরে প্রবেশ করে এনি বড়ুয়ার মেয়ে প্রিয়ন্তীর রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে আহত শিশুটিকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।
নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া জানান, তিনি চট্টগ্রাম নগরে একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন। স্বজনদের কাছ থেকে খবর পেয়ে বাড়িতে এসে স্ত্রী ও মেয়ের মরদেহ দেখতে পান। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। রোববার সকালে সুরতহাল শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আনোয়ারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, নিহত মা ও মেয়ের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আহত শিশুটির শরীরেও জখম রয়েছে, তবে সে বর্তমানে শঙ্কামুক্ত।
তিনি আরও জানান, ঘটনার পেছনের কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। দায়ীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে এবং দ্রুত রহস্য উদ্ঘাটনের আশা করা হচ্ছে।