স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল
খুলনা নগরীর দৌলতপুর এলাকায় একটি মসজিদের ভেতরে ঢুকে গুলি চালানোর ঘটনায় দুই মুসল্লি আহত হয়েছেন। আহতদের মধ্যে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি লোকমান হাকিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে দৌলতপুর থানার পশ্চিম কাশীপুর এলাকার বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহতরা হলেন লোকমান হাকিম (৪৫) ও আলম শেখ (৫৫)। গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে লোকমান হাকিমের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। আলম শেখ বর্তমানে খুলনায় চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজ শেষে মসজিদের ভেতরে অবস্থান করছিলেন মুসল্লিরা। এ সময় কয়েকজন সশস্ত্র ব্যক্তি মসজিদে প্রবেশ করে গুলি ছোড়ে। গুলিতে লোকমান হাকিম ও আলম শেখ আহত হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা মূলত লোকমান হাকিমকে লক্ষ্য করেই গুলি চালায়। ঘটনার পর তারা দ্রুত স্থান ত্যাগ করে।
দৌলতপুর থানার তদন্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, নামাজের পরপরই মসজিদের ভেতরে গুলির ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
খুলনা মহানগর পুলিশের দৌলতপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, লোকমান হাকিম বিদ্যুৎ খাতের একজন ঠিকাদার এবং জ্বালানি তেল ব্যবসার সঙ্গে জড়িত। হামলার পেছনে পূর্বশত্রুতা বা অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও তদন্তে খতিয়ে দেখা হচ্ছে।