স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে বক্তব্যের জেরে দায়ের হওয়া মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা রোববার (১৪ জুন) সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করতে যাচ্ছেন।
সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানান, মুফতি আমির হামজা এরই মধ্যে উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন। তিনি আজ আদালতে আত্মসমর্পণ করে নিয়মিত জামিনের আবেদন করবেন বলে জানা গেছে। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আদালত নেবেন।
সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামও জানান, দুপুরে আত্মসমর্পণের উদ্দেশ্যে মুফতি আমির হামজার আদালতে উপস্থিত হওয়ার কথা রয়েছে।
মামলার নথি অনুযায়ী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। একই দিনে আদালত তাকে সমন জারি করে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেন।
তবে নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতেও আদালতে হাজির না হওয়ায় গত ১৭ মে সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কর্মকার তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।
এদিকে, আদালতের নির্দেশনার পর উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়ে এবার নিম্ন আদালতে আত্মসমর্পণের প্রক্রিয়ায় যাচ্ছেন কুষ্টিয়া-৩ আসনের এই সংসদ সদস্য।