স্টাপ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল


নোয়াখালীর জেলা শহরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওতে অংশগ্রহণকারীদের ছাত্রলীগের নাম উল্লেখ করতে শোনা গেলেও বিষয়টি তদন্ত করছে পুলিশ।


জানা গেছে, শনিবার (১৩ জুন) ভোররাতে জেলা শহরের জজ আদালত সড়কের উত্তর পাশে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিস্তম্ভের মাঝখানে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়। তবে ঘটনাটি তাৎক্ষণিকভাবে কারও নজরে না আসায় দিনভর বিষয়টি অজানা ছিল। পরে সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় ২৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়লে ঘটনাটি প্রকাশ্যে আসে।


ভাইরাল ভিডিওতে দেখা যায়, কয়েকজন তরুণ স্মৃতিস্তম্ভ ও এর আশপাশে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে স্মৃতিস্তম্ভের নিচের অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ভিডিওতে উপস্থিত একজনকে ছাত্রলীগের নাম উল্লেখ করে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। তবে ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় বা রাজনৈতিক সংশ্লিষ্টতা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।


ঘটনার বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। ঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেছে, আগুনের কারণে স্মৃতিস্তম্ভের কিছু অংশ কালো হয়ে গেছে। ভিডিও ফুটেজ ও সিসিটিভি রেকর্ড পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।


পুলিশ জানিয়েছে, তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।