স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল 


কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বৃহস্পতিবার (১৮ জুন) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত ১০টার দিকে টেকনাফ থানার নাইট্যংপাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড স্টেশন টেকনাফ। এ সময় একটি সন্দেহভাজন বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


কোস্টগার্ড জানায়, জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা। তবে অভিযানের সময় মাদক কারবারিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। কোস্টগার্ড বলেছে, মাদক পাচার ও মাদকের বিস্তার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।