নিজস্ব প্রতিবেদক | ক্রাইম ক্রনিকল
সংসদ অধিবেশনে নিজেকে 'শহীদের সন্তান' দাবি করে চরম বিতর্কের মুখে পড়েছেন নীলফামারী-৪ আসনের জামায়াতে ইসলামী সমর্থিত সংসদ সদস্য আব্দুল মুনতাকিম। বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি নিজের পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা থাকার পাশাপাশি তাঁর বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন বলে দাবি করেন। তবে অনুসন্ধানে জানা গেছে, সংসদ সদস্যের সেই ‘শহীদ’ বাবা আব্দুল কাদের সৈয়দী এবং মা মোসলমান বেগম দুজনই এখনো জীবিত এবং বহাল তবিয়তে ছেলের সঙ্গেই সৈয়দপুরের বাড়িতে বসবাস করছেন। জাতীয় সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে একজন জনপ্রতিনিধির এমন অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রদানের ঘটনাটি রাজনৈতিক অঙ্গন ও সচেতন মহলে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।
নির্বাচনি হলফনামা অনুযায়ী এমপি আব্দুল মুনতাকিমের জন্ম ১৯৮১ সালের ১০ জানুয়ারি, অর্থাৎ মহান মুক্তিযুদ্ধ শেষ হওয়ার প্রায় ১০ বছর পর। ১৯৮১ সালে জন্ম নেওয়া কোনো ব্যক্তির পিতা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ হওয়া প্রাকৃতিকভাবেই অসম্ভব। গত ১৪ জুন সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি আবেগঘনভাবে দাবি করেন, তাঁর বাবা ও দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন।
বাস্তবতার মুখোমুখি হওয়ার পর গণমাধ্যমের কাছে নিজের ভুল স্বীকার করে অদ্ভুত অজুহাত দাঁড় করিয়েছেন এই সংসদ সদস্য। তিনি জানান, সংসদ অধিবেশন চলাকালীন তিনি অসুস্থ ছিলেন এবং মাথায় প্রচণ্ড ব্যথা থাকায় ঠিক কী বলেছেন তা বুঝতে পারেননি। তিনি স্বীকার করেন তাঁর বাবা বেঁচে আছেন এবং সংসদে ভুল বলার জন্য তিনি ক্ষমা প্রার্থনা করছেন। দেশের সর্বোচ্চ আইনসভায় দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধ ও শহীদের মর্যাদা নিয়ে এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেওয়ায় সাধারণ মানুষ ও সচেতন মহলে তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় বইছে।