লক্ষ্মীপুর প্রতিনিধি | ক্রাইম ক্রনিকল 


লক্ষ্মীপুরের রামগঞ্জে স্কুলশিক্ষার্থী মেহেদী হত্যার ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা।


রোববার (২১ জুন) দুপুরে রামগঞ্জ-সোনাপুর প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ রাখেন। এতে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।


বিক্ষোভকারীদের দাবি, ফরিদ আহমদ ভুইয়া একাডেমির আবাসিক হলে থাকা অষ্টম শ্রেণির ছাত্র মেহেদীর (১৫) মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক নয়। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভকারীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন।


রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


উল্লেখ্য, গত ১৬ জুন রাতে রামগঞ্জের ফরিদ আহমদ ভুইয়া একাডেমির আবাসিক হল থেকে মেহেদীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। পরে ১৮ জুন নিহতের বাবা বাদী হয়ে রামগঞ্জ থানায় সাত শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।


মেহেদীর মৃত্যুর রহস্য উদ্ঘাটন এবং দায়ীদের শাস্তির দাবিতে স্থানীয়দের আন্দোলন অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।