স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল 


সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারকেন্দ্রিক বিভিন্ন বিষয় নিয়ে প্রশাসনিক হস্তক্ষেপ ও তা ঘিরে সৃষ্টি হওয়া বিতর্কের পর জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করেছে সরকার। রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে সরিয়ে মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন করা হয়েছে।


যদিও সরকারি আদেশে প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করা হয়নি, তবে সম্প্রতি শাহজালাল (রহ.) মাজার পরিচালনা ও সংশ্লিষ্ট বিষয়গুলোতে প্রশাসনের ভূমিকা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই এ সিদ্ধান্ত এসেছে বলে সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা চলছে।


এর আগে ২০২৫ সালের ১৮ আগস্ট সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং ২১ আগস্ট তিনি দায়িত্ব গ্রহণ করেন। ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভেজালবিরোধী অভিযানের জন্য দেশব্যাপী পরিচিতি লাভ করেছিলেন।