স্টাফ রিপোর্টার। ক্রাইম ক্রনিকল
৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য ট্রেনে বিনামূল্যে যাতায়াত এবং মেট্রোরেল ভাড়ায় ২৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে সরকার। আগামী অর্থবছরের বাজেট প্রস্তাবনায় এই সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন।
প্রস্তাব অনুযায়ী, দেশের প্রবীণ নাগরিকরা এখন থেকে ট্রেনে সম্পূর্ণ বিনা ভাড়ায় ভ্রমণ করতে পারবেন। একই সঙ্গে ঢাকার মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে তারা ২৫ শতাংশ বিশেষ ছাড় পাবেন।
অর্থমন্ত্রী বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির লক্ষ্য হলো জীবনচক্রভিত্তিক পদ্ধতিতে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা। এর মাধ্যমে দারিদ্র্য ও বৈষম্য কমিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা হবে।
তিনি আরও জানান, সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণের অংশ হিসেবে নারীর ক্ষমতায়ন, ভাতা বৃদ্ধি এবং বিভিন্ন সহায়তা কর্মসূচি জোরদার করা হচ্ছে। এর মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় আগামী অর্থবছরে ৪১ লাখ নারীকে মাসিক ২ হাজার ৫০০ টাকা ভাতা প্রদানের পরিকল্পনাও রয়েছে।
প্রস্তাবিত বাজেটে প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা এবং অন্যান্য সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণের কথাও উল্লেখ করা হয়।
সরকারের এই সিদ্ধান্তকে প্রবীণ নাগরিকদের জন্য একটি বড় ধরনের স্বস্তির উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।