স্বাস্থ্য ডেস্ক | ক্রাইম ক্রনিকল
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সাত শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, আর একজনের মৃত্যু নিশ্চিত হামে হয়েছে।
এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে ৬২৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৫৩৬ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং ৯২ শিশুর মৃত্যু নিশ্চিত হামে হয়েছে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আট শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের। এ ছাড়া চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৯২ জন। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭৪ শিশু। এর মধ্যে সর্বোচ্চ ৩৪৬ জন ঢাকা বিভাগের। এরপর চট্টগ্রামে ২২১ এবং বরিশাল বিভাগে ১৩৪ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ১৯৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয় গত ১৫ মার্চ। এরপর থেকে এ পর্যন্ত ৮০ হাজার ১০৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। হাসপাতালে ভর্তি হয়েছে ৬৫ হাজার ২৩৭ জন। মোট নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৯ হাজার ৭৭৯ জন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬১ হাজার ২৭৮ জন।