স্টাফ রিপোর্টার। ক্রাইম ক্রনিকল
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় অবস্থিত লালন শাহের মাজারকে কেন্দ্র করে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে তা বন্ধে সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামের সংসদ সদস্য আমির হামজা।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্বে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর উদ্দেশে এ প্রশ্ন উত্থাপন করেন তিনি।
সংসদে আমির হামজা অভিযোগ করেন, লালন শাহের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসনের উপস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই ‘সংস্কৃতির নামে অপসংস্কৃতি’ এবং অনৈতিক কর্মকাণ্ড সংঘটিত হয়। তিনি দাবি করেন, এসব কার্যক্রম স্থানীয় সমাজ ও তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
এ সংসদ সদস্য আরোও বলেন, “লালন শাহের মাজারকে মাদকমুক্ত এলাকা করার কোনো উদ্যোগ সরকারের আছে কি না জানতে চাই। কারণ জন্ম ও মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে কয়েকদিন ধরে যে অনৈতিক কর্মকাণ্ড ও অপসংস্কৃতির চর্চা হয়, তা বন্ধে মন্ত্রণালয়ের কোনো পদক্ষেপ রয়েছে কি না, সেটিও জানতে চাই।”

জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, সরকার শুধু লালন শাহের মাজার এলাকা নয়, বরং সমগ্র দেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করছে।
তবে সংসদ সদস্যের উত্থাপিত অনৈতিক কর্মকাণ্ড ও অপসংস্কৃতির অভিযোগের বিষয়ে মন্ত্রীর পক্ষ থেকে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গন ও সংশ্লিষ্ট মহলে আলোচনা শুরু হয়েছে। অভিযোগের বিষয়ে মাজার কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট আয়োজকদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।