স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা দীপেন দেওয়ানকে পুনর্বহালের দাবিতে রাঙামাটিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় শহরের কলেজ গেট এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
কর্মসূচির শুরুতে কলেজ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ গেটে ফিরে সমাবেশে মিলিত হয়। পরে বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে এবং বিভিন্ন স্লোগান দিতে দিতে প্রায় ২০ মিনিট সড়ক অবরোধ করে রাখেন। এতে ওই এলাকায় সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়।
সমাবেশে বক্তারা দাবি করেন, দীপেন দেওয়ানের পদত্যাগের বিষয়টি পুনর্বিবেচনা করে তাঁকে মন্ত্রিসভায় ফিরিয়ে আনা উচিত। তাঁদের অভিযোগ, একটি মহল পরিকল্পিতভাবে তাঁকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। নেতারা সতর্ক করে বলেন, জনমতের প্রতি গুরুত্ব না দিলে রাঙামাটিতে আরও বড় আন্দোলন গড়ে উঠতে পারে।
সমাবেশে জেলা বিএনপির নেতাদের পাশাপাশি মহিলা দল, শ্রমিক দল ও অন্যান্য সহযোগী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। তাঁরা দীপেন দেওয়ানের প্রতি সংহতি প্রকাশ করে তাঁর পদত্যাগপত্র প্রত্যাহারের আহ্বান জানান।
এর আগে সোমবার শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দেন দীপেন দেওয়ান। এরপর থেকেই তাঁর সমর্থক ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। পদত্যাগ প্রত্যাহারের দাবিতে সোমবার কাঁঠালতলী এবং মঙ্গলবার কলেজ গেটে সড়ক অবরোধসহ ধারাবাহিক কর্মসূচি পালন করা হয়।