জাতীয় ডেস্ক | ক্রাইম ক্রনিকল
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় একজন নিহত হওয়ার পাশাপাশি আরও কয়েকজন বিদেশি নাগরিকও আহত হয়েছেন। বুধবার বাংলাদেশ দূতাবাস, কুয়েত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম এশিয়ায় চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে সম্প্রতি কুয়েতের আকাশসীমায় একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটছে। এরই অংশ হিসেবে বুধবার কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হন। আহতদের ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থার বিষয়ে বাংলাদেশ দূতাবাস নিয়মিতভাবে খোঁজখবর রাখছে বলে জানানো হয়েছে।
কুয়েতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দূতাবাস।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কুয়েত সরকারের নির্দেশনা অনুযায়ী রকেট বা ড্রোন হামলার ঘটনা এবং তা প্রতিহত করার দৃশ্যের ছবি তোলা কিংবা ভিডিও ধারণ করা দেশটির আইনে দণ্ডনীয় অপরাধ। তাই স্থানীয় আইন মেনে চলার পাশাপাশি এ ধরনের ছবি বা ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার থেকে বিরত থাকার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দেওয়ায় রক্তদানে সক্ষম প্রবাসী বাংলাদেশিদের সেখানে গিয়ে রক্তদান করার এবং অন্যদেরও এ বিষয়ে উৎসাহিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।