স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল
চাঁদপুর সদর উপজেলায় ধনাগোদা নদীতে গোসল করতে নেমে স্রোতে ভেসে গেছেন দুই বোন। পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, এদের মধ্যে বড় বোন স্বপ্না সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছোট বোন রনা রানী এখনও নিখোঁজ।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (০৪ জুন) বিকেলে বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বপ্না সরকার (৩৫) ও তার বাক্প্রতিবন্ধী বোন রনা রানী (৩২) নদীতে গোসল করতে যান। হঠাৎ স্রোতে ভেসে যায় রনা। বোনকে বাঁচাতে গিয়ে স্রোতে ভাসেন স্বপ্নাও। কিছুক্ষণের মধ্যেই দুজনই নদীর গভীরে তলিয়ে যান।
সন্ধ্যায় স্থানীয় লোকজন স্বপ্নার মরদেহ উদ্ধার করেন। তৎক্ষণাৎ তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাত বাড়লেও রনা রানীর কোনো সন্ধান পাওয়া যায়নি।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ জানিয়েছেন, শুক্রবার সকালে ডুবুরি দল নিয়ে অভিযান শুরু করা হবে।