স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল
জাতীয় সংসদে জামায়াতের নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর দেওয়া বক্তব্যকে ‘বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, নারী সংসদ সদস্যদের পোশাক ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে আপত্তিকর মন্তব্য করে মনিরুল হক চৌধুরী সংসদীয় শালীনতার সীমা অতিক্রম করেছেন।
রোববার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে মনিরুল হক চৌধুরী দুই যুগ আগের একটি ঘটনার প্রসঙ্গ টেনে জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের স্ত্রীকে নিয়ে মন্তব্য করেন। একইসঙ্গে তিনি সংসদে উপস্থিত জামায়াতের নারী এমপিদের পোশাক নিয়েও বক্তব্য দেন। তার এ মন্তব্যের পর বিরোধী দলের সদস্যরা তীব্র প্রতিবাদ জানান।
পরে স্পিকারের কাছে বক্তব্য দেওয়ার সুযোগ নিয়ে নাহিদ ইসলাম বলেন, মনিরুল হক চৌধুরী বিরোধীদলীয় উপনেতার স্ত্রীকে কটাক্ষ করেছেন এবং নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য করে তাদের ধর্মীয় ও ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন। তিনি এ ধরনের বক্তব্যকে ‘হীন মানসিকতা ও বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ’ বলে আখ্যা দেন।
নাহিদ ইসলাম আরও বলেন, সংসদ দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান। এখানে দাঁড়িয়ে কোনো সদস্যের ব্যক্তিগত জীবন, ধর্মীয় অনুশীলন বা পোশাক নিয়ে কটাক্ষ করা গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এমন বক্তব্য থেকে সংসদ সদস্যদের বিরত থাকার আহ্বানও জানান তিনি।
বিতর্কের পর ডেপুটি স্পিকার কায়সার কামাল জানান, মনিরুল হক চৌধুরীর বক্তব্যের বিতর্কিত অংশ সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি রুলিং দিয়ে বলেন, সংসদে কেউ কারও ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে মন্তব্য করতে পারবেন না এবং সবাইকে সংসদের মর্যাদা ও নিজস্ব ডিগনিটি বজায় রাখতে হবে।
এ ঘটনায় সংসদে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।