নিজস্ব প্রতিবেদ | ক্রাইম ক্রনিকল 


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা। সোমবার (২২ জুন) সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, অর্পিত সম্পত্তি আইন এবং আসন্ন শারদীয় দুর্গাপূজার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।


পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। এ সময় প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন।


বৈঠকে সংখ্যালঘু সম্প্রদায়ের যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একজন ‘ফোকাল পয়েন্ট’ কর্মকর্তা নিয়োগের দাবি জানানো হয়। পাশাপাশি দুর্গাপূজার সময় সার্বিক নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়েও আলোচনা হয়।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন দাবি-দাওয়া এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাসও দেন তিনি।