নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ


চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে এবং জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।


শনিবার দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। এ অভিযানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরাও সহযোগিতা করেন। পরে তাকে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।


নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, সজীবের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। তিনি পুলিশের সঙ্গে সহযোগিতা করেছেন বলেও জানান এ কর্মকর্তা।


প্রায় এক ঘণ্টার বেশি সময় জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যায় সজীবকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়। এরপর তাকে ডিবি কার্যালয়ে নেওয়ার প্রস্তুতি শুরু হয়।


তবে অভিযোগগুলোর বিস্তারিত বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত জানানো সম্ভব নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও স্থানীয় মহলে ব্যাপক আলোচনা চলছে। অভিযোগের সত্যতা যাচাই এবং পরবর্তী আইনগত পদক্ষেপের দিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।