স্পোর্টস ডেস্ক, ক্রাইম ক্রনিকল
দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আবারও ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে Arsenal (আর্সেনাল)। মঙ্গলবার রাতে ম্যানচেস্টার সিটি ও বোর্নমাউথের ১-১ গোলের ড্রয়ের পর এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন নিশ্চিত হয় মিকেল আর্তেতার দল।
লিগের শেষ দিনে শিরোপার আশা বাঁচিয়ে রাখতে সিটির জয়ের বিকল্প ছিল না। কিন্তু ৩৯ মিনিটে জুনিয়র ক্রুপির গোলে পিছিয়ে পড়ে পেপ গার্দিওলার দল। যোগ করা সময়ে আর্লিং হালান্ড সমতা ফেরালেও জয় তুলে নিতে পারেনি সিটি। ফলে চার পয়েন্ট ব্যবধানে শীর্ষে থাকা আর্সেনালকে আর ধরার সুযোগ থাকল না।
২০০৩-০৪ মৌসুমে আর্সেন ওয়েঙ্গারের অধীনে ‘ইনভিন্সিবলস’ দল গড়ার পর এই প্রথম লিগ শিরোপা জিতল উত্তর লন্ডনের ক্লাবটি। এটি তাদের ইতিহাসের ১৪তম ইংলিশ লিগ শিরোপা।
শিরোপা নিশ্চিত হওয়ার পর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামের বাইরে হাজারো সমর্থক উদযাপনে মেতে ওঠেন। আতশবাজি, গান আর স্লোগানে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। সামাজিক যোগাযোগমাধ্যমেও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে আর্সেনাল খেলোয়াড়দের পোস্টে।
মিডফিল্ডার ডেকলান রাইস ইনস্টাগ্রামে সতীর্থদের সঙ্গে উদযাপনের ছবি পোস্ট করে লেখেন, “আমি তো বলেছিলাম... কাজ শেষ।”
অন্যদিকে বুকায়ো সাকা সমালোচকদের উদ্দেশে বলেন, “তারা আমাদের নিয়ে হাসাহাসি করেছিল। এখন আর হাসছে না।”
২০১৯ সালে দায়িত্ব নেওয়া মিকেল আর্তেতা টানা তিন মৌসুম রানার্সআপ হওয়ার হতাশা কাটিয়ে এবার দলকে শিরোপা এনে দিলেন। একই সঙ্গে তিনি প্রিমিয়ার লিগ ইতিহাসে প্রথম সাবেক খেলোয়াড়, যিনি ম্যানেজার হিসেবে লিগ শিরোপা জিতলেন।
এই মৌসুমে আর্সেনালের সাফল্যের বড় ভিত্তি ছিল তাদের শক্তিশালী রক্ষণভাগ। ৩৭ ম্যাচে মাত্র ২৬ গোল হজম করেছে তারা, যা লিগে সর্বনিম্ন। পাশাপাশি সেট-পিস থেকেও করেছে সর্বোচ্চ ২৪ গোল।
শুধু লিগ নয়, ইউরোপেও ইতিহাস গড়ার সুযোগ রয়েছে আর্সেনালের সামনে। আগামী ৩০ মে প্যারিস সেন্ট জার্মেইর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মাঠে নামবে গানাররা। সেই ম্যাচ জিততে পারলে ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপ সেরার মুকুটও উঠবে তাদের মাথায়।