অর্থনীতি ডেস্ক | ক্রাইম ক্রনিকল


বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দেশের বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করেছে, যেখানে পাইকারি, সঞ্চালন ও খুচরা পর্যায়ে উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি করা হয়েছে। নতুন হার জুন মাস থেকেই কার্যকর হবে।


বুধবার (৩ জুন) রাজধানীর আইইবি ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ সিদ্ধান্ত জানানো হয়।


ঘোষণা অনুযায়ী, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৯.৮৫ শতাংশ বাড়িয়ে ইউনিটপ্রতি ৭.০৪ টাকা থেকে ৮.৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে খুচরা পর্যায়ে গড় দাম ১৬.৬৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ইউনিটপ্রতি ৯.১১ টাকা থেকে ১০.৬৩ টাকা হয়েছে, অর্থাৎ প্রতি ইউনিটে ১.৫২ টাকা বৃদ্ধি পেয়েছে।


সঞ্চালন চার্জেও বড় পরিবর্তন আনা হয়েছে, যেখানে গড়ে ২৩.৯৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ইউনিটপ্রতি ৩১ পয়সা থেকে প্রায় ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।


লাইফলাইন গ্রাহকদের ক্ষেত্রেও দাম বৃদ্ধি পেয়ে ১৫ শতাংশ থেকে প্রায় ২০ শতাংশ পর্যন্ত হয়েছে, যা নিম্ন আয়ের ব্যবহারকারীদের ওপরও প্রভাব ফেলবে।


সংশ্লিষ্ট সূত্র জানায়, পিজিসিবি সঞ্চালন চার্জ বাড়ানোর জন্য এবং বিপিডিবি পাইকারি দরে ১৭–২১ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল।


বিইআরসি’র হিসাব অনুযায়ী, ২০২৬–২৭ অর্থবছরে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাব্য মোট খরচ প্রায় ১ লাখ ৪৩ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে, যেখানে প্রতি ইউনিটের গড় ব্যয় ১২.৯১ টাকা পর্যন্ত হতে পারে।


এর আগে সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল।