অর্থনীতি ডেস্ক | ক্রাইম ক্রনিকল

দেশের বাজারে টানা দুই দফায় কমেছে স্বর্ণের দাম। সর্বশেষ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা। শনিবার সকাল থেকে কার্যকর হওয়া এ দাম আজও বহাল রয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২ জুনও স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ৭১ বার স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার দাম বেড়েছে এবং ৩৪ বার কমেছে।

স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হবে ৫ হাজার ২৪৯ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ২০৮ টাকা ভরি নির্ধারণ করা হয়েছে।

গত ২ জুন সর্বশেষ রুপার দাম সমন্বয় করা হয়েছিল। তখনও দাম কমানো হয়েছিল। চলতি বছরে এ পর্যন্ত ৪২ বার রুপার মূল্য সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২২ বার দাম বেড়েছে এবং ২০ বার কমেছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে মূল্য ওঠানামার প্রভাবেই স্বর্ণ ও রুপার দামে ঘন ঘন পরিবর্তন দেখা যাচ্ছে।