স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং প্রথম বাজেট অধিবেশন আজ (রোববার) শুরু হচ্ছে। বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হবে।
এ অধিবেশনে আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটের ওপর সরকার ও বিরোধী দলের সদস্যদের আলোচনা শেষে আগামী ৩০ জুন তা পাস হওয়ার কথা রয়েছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বাজেট অধিবেশনকে ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতির অধিবেশন আহ্বানের পর থেকেই এ প্রস্তুতি শুরু হয়।
অধিবেশন শুরুর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত করা হবে। এদিকে অধিবেশন উপলক্ষে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ডিএমপি রাজধানীর কয়েকটি এলাকায় আগ্নেয়াস্ত্র বহন, শোভাযাত্রা, মিছিল, সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে।
সংসদের প্রকাশিত কার্যসূচি অনুযায়ী, প্রথম দিনের অধিবেশনে সভাপতিমণ্ডলীর মনোনয়ন ও শোকপ্রস্তাব উত্থাপনের পর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এদিন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের প্রশ্নোত্তর তালিকাভুক্ত রয়েছে। পাশাপাশি বিধি-৭১ অনুযায়ী জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে দেওয়া নোটিশ নিষ্পত্তি করা হবে।
এছাড়া জ্বালানি খাতসংক্রান্ত একটি বিশেষ কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হবে। প্রতিবেদনটি উপস্থাপন করবেন কমিটির সভাপতি ও বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বাজেট আলোচনার পাশাপাশি চলতি অধিবেশনে সংবিধান সংস্কার-সংক্রান্ত বিষয়েও আলোচনা হতে পারে। একই সঙ্গে সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠনের প্রক্রিয়াও সম্পন্ন করার উদ্যোগ রয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ১২ মার্চ শুরু হয়ে ৩০ এপ্রিল শেষ হয়। ২৫ কার্যদিবসের ওই অধিবেশনে ৯৪টি বিল পাস হয়। পাশাপাশি পাঁচটি স্থায়ী কমিটি ও দুটি বিশেষ কমিটি গঠন করা হয়।