নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ও প্রধানমন্ত্রী তারেক জিয়া। ছবি: সংগৃহীত
সোমবার (২৫ মে) জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি পরিদর্শন শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তিনি বলেন, আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় ঈদগাহের পরিবর্তে সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
ডিএসসিসি জানিয়েছে, এবার জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এ জন্য ১২১টি কাতারের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে সাধারণ পুরুষ মুসল্লিদের জন্য ৬৫টি বড় কাতার ও নারী মুসল্লিদের জন্য ৫০টি ছোট কাতার রাখা হয়েছে। এছাড়া ভিআইপি পুরুষদের জন্য ৫টি এবং নারী ভিআইপিদের জন্য ১টি বিশেষ কাতার থাকবে।
প্রশাসক আবদুস সালাম বলেন, মুসল্লিদের প্রবেশের জন্য চারটি এবং বের হওয়ার জন্য সাতটি ফটকের ব্যবস্থা রাখা হয়েছে। নারী ও পুরুষদের জন্য পৃথক প্রবেশপথ, নামাজের স্থান ও অজুখানার ব্যবস্থা করা হয়েছে।

ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম
তিনি আরও জানান, ঈদগাহ প্রাঙ্গণে একসঙ্গে প্রায় ১৪০ জন মুসল্লি অজু করতে পারবেন। মুসল্লিদের স্বাচ্ছন্দ্যের জন্য শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, পর্যাপ্ত ফ্যান, আলোকসজ্জা, বিশুদ্ধ পানির ব্যবস্থা ও কার্পেট স্থাপন করা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ টয়লেট, প্রাথমিক চিকিৎসা ও বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থাও রাখা হয়েছে।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, জাতীয় ঈদগাহের মোট আয়তন প্রায় ৩০ হাজার বর্গমিটার। এর মধ্যে প্যান্ডেলের আয়তন ২৫ হাজার ৪০০ বর্গমিটার।
ঈদ জামাতকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
এদিকে প্রধান জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রিসভার সদস্য, বিচারপতি, কূটনীতিক ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন বলে আশা প্রকাশ করেছে ডিএসসিসি।