স্টাফ করেসপন্ডেন্ট, উত্তরবঙ্গ 


গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে মিজানুর রহমান (২৪) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আটক করার পর শুক্রবার দুপুরে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


গ্রেপ্তার মিজানুর রহমান সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ তাঁকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।



আটক এস এম মিজানুর। ছবি: ফেসবুক


পুলিশ জানায়, মিজানুর রহমান ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে আপত্তিকর একটি পোস্ট দেন বলে অভিযোগ এসেছে। মিজানুর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ফটোশপড ছবি আপলোড করে ক্যাপশনে লিখেন, ''আন্টি ক্ষমতায় আসতে না আসতে ব্যাংক খেয়ে ফেলতেসে।"  



পোস্টটি ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে ওই তরুণকে আটক করে সুন্দরগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। ছাপড়হাটি ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মোখলেছুর রহমান জানান, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ায় তাঁকে পুলিশে সোপর্দ করা হয়েছে।


সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ মুঠোফোনে বলেন, স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা ওই তরুণকে আটক করে পুলিশে দেন।ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে করা অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।


জেনে রাখা ভালো, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারা অনুযায়ী কোনো আমলযোগ্য অপরাধ সংঘটনের পরিকল্পনার তথ্য পাওয়ামাত্র পরোয়ানা ছাড়াই যেকোনো ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে।