বিনোদন ডেস্ক | ক্রাইম ক্রনিকল


ঢাকা: জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি তাদের পাঁচ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘চরকি কার্নিভ্যাল’-এ প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে বিশেষ সম্মাননা দেওয়ার ঘোষণা দিয়েছে।


আগামী ৩ জুলাই অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে ২০২৩ ও ২০২৪ সালে চরকিতে মুক্তিপ্রাপ্ত বিভিন্ন কনটেন্টের সেরা শিল্পী ও নির্মাতাদের পুরস্কৃত করা হবে। একই সঙ্গে কারিনা কায়সারের শিল্পীসত্তা ও অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে বিশেষভাবে সম্মানিত করা হবে।


চরকি কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৪ সালের সাবস্ক্রাইবারস চয়েস বিভাগে ‘৩৬-২৪-৩৬’ ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছিলেন কারিনা। তবে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাকে প্রতিযোগিতার বাইরে রাখা হয়েছে।


চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, “কারিনার অসাধারণ কাজগুলো আমাদের মাঝে রয়ে গেছে। কিন্তু তিনি আজ সব প্রতিযোগিতার ঊর্ধ্বে। তাই তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে এ বিভাগে প্রতিযোগিতার বাইরে রাখা হয়েছে। তার অবদান স্মরণে এবারের চরকি অ্যাওয়ার্ডসে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।”

উল্লেখ্য, গত ১৬ মে অসুস্থতাজনিত কারণে কারিনা কায়সারের মৃত্যু হয়। তার অকালপ্রয়াণে দেশের শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। সহকর্মী, ভক্ত এবং সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।


এদিকে, ২০২৪ সালের সাবস্ক্রাইবারস চয়েস বিভাগে সেরা চলচ্চিত্রের মনোনয়ন পেয়েছে ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘তুফান’, ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ এবং ‘৩৬-২৪-৩৬’। চরকির গ্রাহকরা বিভিন্ন বিভাগে তাদের পছন্দের শিল্পী ও কনটেন্টের পক্ষে ভোট দিতে পারবেন।