আন্তর্জাতিক ডেস্ক | ক্রাইম ক্রনিকল


এআই ও ক্লাউড কম্পিউটিং অবকাঠামোর ক্রমবর্ধমান চাহিদাকে সামনে রেখে ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে ডেটা সেন্টার অপারেটর এয়ারট্রাঙ্ক। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা বাংলাদেশে জন্ম নেওয়া অস্ট্রেলীয় উদ্যোক্তা রবিন খুদা।



রবিন খুদা, এয়ারট্রাংক এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ছবি: ফোর্বস।


এ বিনিয়োগ পরিকল্পনার অংশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন রবিন খুদা। বৈঠকের পর এয়ারট্রাঙ্ক তাদের সম্প্রসারণ পরিকল্পনার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়।


প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়, ভারতজুড়ে প্রায় পাঁচ গিগাওয়াট সক্ষমতার ডেটা সেন্টার অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাদের। এর মধ্যে সবচেয়ে বড় প্রকল্পটি বাস্তবায়নের কথা রয়েছে মহারাষ্ট্রে।


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, এ ধরনের বিনিয়োগ দেশটির এআই ও ক্লাউড কম্পিউটিং খাতকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি কর্মসংস্থান, সরবরাহ ব্যবস্থা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনেও ইতিবাচক প্রভাব ফেলবে।


মহারাষ্ট্র সরকারের তথ্য অনুযায়ী, রাজ্যটিতে প্রায় তিন গিগাওয়াট সক্ষমতার একটি ডেটা সেন্টার হাব গড়ে তুলতে চায় এয়ারট্রাঙ্ক। মুম্বাইয়ের কাছাকাছি রায়গড় এলাকায় প্রকল্পটির জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়াও শুরু হয়েছে।


ফোর্বস এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রবিন খুদা বলেন, দ্রুত ডিজিটাল রূপান্তর, বৃহৎ জনসংখ্যা এবং এআই খাতে উচ্চাকাঙ্ক্ষার কারণে ভারত তাদের জন্য অন্যতম সম্ভাবনাময় বাজার।


তিনি আরও বলেন, ভারতের সরকারি নীতিনির্ধারকদের সঙ্গে সাম্প্রতিক আলোচনায় বিনিয়োগবান্ধব পরিবেশের বিষয়ে ইতিবাচক বার্তা পাওয়া গেছে, যা ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও জোরদার করেছে।


বর্তমানে অস্ট্রেলিয়া, ভারত, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও হংকংসহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে এয়ারট্রাঙ্কের কার্যক্রম রয়েছে।


গত বছর ব্ল্যাকস্টোন ও কানাডা পেনশন প্ল্যান ইনভেস্টমেন্ট বোর্ডের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম প্রায় ১৬ বিলিয়ন ডলারের চুক্তিতে এয়ারট্রাঙ্ক অধিগ্রহণ করে। তবে প্রতিষ্ঠানটিতে এখনও অংশীদার হিসেবে যুক্ত রয়েছেন রবিন খুদা।


ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ার তালিকা অনুযায়ী, রবিন খুদার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ দশমিক ১ বিলিয়ন ডলার।