আন্তর্জাতিক ডেস্ক | ক্রাইম ক্রনিকল 


যুদ্ধবিরতি বাস্তবায়ন ও পরবর্তী শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে আগামীকাল রোববার সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টেকনিক্যাল পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।


বিবৃতি অনুযায়ী, সুইজারল্যান্ডের বার্গেনস্টকে অনুষ্ঠিতব্য এই বৈঠকে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের পাশাপাশি মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরাও অংশ নেবেন। সম্প্রতি দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এর পর এটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।


তবে যুদ্ধবিরতি কার্যকর হলেও এখনো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষর হয়নি। জেনেভায় দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা থাকলেও আঞ্চলিক পরিস্থিতি নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।


এদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে হরমুজ প্রণালিতে নৌযান চলাচল আবারও বন্ধ ঘোষণা করেছে ইরান। দেশটির সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, এটি তাদের ‘প্রথম পদক্ষেপ’ এবং পরিস্থিতির অবনতি হলে আরও ব্যবস্থা নেওয়া হতে পারে।


অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি শিগগিরই সুইজারল্যান্ডে ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে পারেন। তিনি আশা প্রকাশ করেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত ১৪ দফা চুক্তির ভিত্তিতে যুদ্ধবিরতি টিকে থাকবে।


ইরানের পক্ষ থেকেও জানানো হয়েছে, একটি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে গিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী চুক্তির বিভিন্ন দিক ও প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে আলোচনা করবে।


আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, রোববারের বৈঠক মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে হরমুজ প্রণালি ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে ঘিরে অনিশ্চয়তা এখনো পুরোপুরি কাটেনি।